---
url: https://kernelsu.org/bn_BD/guide/rescue-from-bootloop.md
description: >-
  KernelSU boot image ফ্ল্যাশ করা বা ত্রুটিপূর্ণ মডিউল ইনস্টল করার কারণে
  bootloop-এ পড়া Android ডিভাইস কীভাবে উদ্ধার করবেন।
---

# Bootloop থেকে উদ্ধার {#rescue-from-bootloop}

ডিভাইস আপডেট করার সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে ডিভাইসটি "brick" হয়ে যায়। তাত্ত্বিকভাবে, আপনি যদি শুধু fastboot দিয়ে boot পার্টিশন ফ্ল্যাশ করে থাকেন, অথবা এমন অসামঞ্জস্যপূর্ণ মডিউল ইনস্টল করে থাকেন যার কারণে ডিভাইস boot হতে পারছে না, তাহলে উপযুক্ত পদক্ষেপ নিয়ে সেটি আগের অবস্থায় ফেরানো সম্ভব। "brick" হয়ে যাওয়া ডিভাইস উদ্ধারে সাহায্য করার জন্য জরুরি কিছু পদ্ধতি তুলে ধরাই এই ডকুমেন্টের উদ্দেশ্য।

## boot পার্টিশন ফ্ল্যাশ করে brick {#brick-by-flashing-boot-partition}

KernelSU-তে boot পার্টিশন ফ্ল্যাশ করার সময় নিচের পরিস্থিতিগুলোতে ডিভাইস boot না হয়ে brick হতে পারে:

1. আপনি ভুল ফরম্যাটের boot image ফ্ল্যাশ করেছেন। যেমন, আপনার ডিভাইসের boot ফরম্যাট যদি `gz` হয়, কিন্তু আপনি `lz4` ফরম্যাটের image ফ্ল্যাশ করেন, তাহলে ডিভাইস boot হবে না।
2. ঠিকভাবে boot হওয়ার জন্য আপনার ডিভাইসে AVB verification বন্ধ করতে হয়, যার জন্য সাধারণত ডিভাইসের সব ডেটা wipe করতে হয়।
3. আপনার kernel-এ bug আছে, অথবা সেটি আপনার ডিভাইসে ফ্ল্যাশ করার উপযোগী নয়।

পরিস্থিতি যা-ই হোক, **stock boot image ফ্ল্যাশ করে** আপনি ডিভাইস উদ্ধার করতে পারবেন। এ কারণেই ইনস্টলেশন গাইডের শুরুতেই আমরা জোরালোভাবে পরামর্শ দিই, ফ্ল্যাশ করার আগে আপনার stock boot-এর ব্যাকআপ নিয়ে রাখুন। ব্যাকআপ না নিয়ে থাকলে, একই ডিভাইস ব্যবহার করেন এমন অন্য কারও কাছ থেকে অথবা অফিসিয়াল ফার্মওয়্যার থেকে আসল ফ্যাক্টরি boot সংগ্রহ করতে পারেন।

## মডিউলের কারণে brick {#brick-by-modules}

ডিভাইস brick হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো মডিউল ইনস্টল করা। তাই আমরা আপনাকে গুরুত্বের সাথে সতর্ক করছি: **অজানা উৎস থেকে মডিউল ইনস্টল করবেন না!** মডিউলের হাতে root ক্ষমতা থাকে বলে সেগুলো আপনার ডিভাইসের অপূরণীয় ক্ষতি করতে পারে!

### সাধারণ মডিউল {#normal-modules}

আপনি যদি এমন কোনো মডিউল ফ্ল্যাশ করে থাকেন যা নিরাপদ বলে প্রমাণিত, অথচ তার কারণে ডিভাইস boot হচ্ছে না, তাহলে KernelSU-তে এই পরিস্থিতি থেকে কোনো দুশ্চিন্তা ছাড়াই সহজে বেরিয়ে আসা যায়। আপনার ডিভাইস উদ্ধারের জন্য KernelSU-তে কিছু বিল্ট-ইন ব্যবস্থা আছে, যেমন:

#### Volume down বাটন চেপে উদ্ধার {#volume-down}

ডিভাইস উদ্ধার করতে **Safe Mode** ব্যবহার করে দেখতে পারেন। Safe Mode-এ ঢোকার পর সব মডিউল নিষ্ক্রিয় হয়ে যায়।

Safe Mode-এ ঢোকার দুটি উপায় আছে:

1. কিছু সিস্টেমের বিল্ট-ইন Safe Mode: কিছু সিস্টেমে বিল্ট-ইন Safe Mode থাকে, যাতে Volume down বাটন চেপে ধরে রেখে ঢোকা যায়। অন্য কিছু সিস্টেমে (যেমন MIUI/HyperOS) Recovery থেকে Safe Mode চালু করা যায়। সিস্টেমের Safe Mode-এ ঢুকলে KernelSU-ও এই মোডে চলে যায় এবং মডিউলগুলো নিজে থেকেই নিষ্ক্রিয় করে দেয়।
2. KernelSU-এর বিল্ট-ইন Safe Mode: এ ক্ষেত্রে পদ্ধতি হলো, প্রথম boot স্ক্রিনের পর **Volume down বাটন পরপর তিনবারের বেশি চাপা**। খেয়াল রাখবেন, এটি চাপা-ছাড়া, চাপা-ছাড়া, চাপা-ছাড়া; চেপে ধরে রাখা নয়।

Safe Mode-এ ঢোকার পর KernelSU ম্যানেজারের Module পেজের সব মডিউল নিষ্ক্রিয় থাকবে। তবে সমস্যা তৈরি করতে পারে এমন মডিউল সরিয়ে ফেলতে আপনি তখনও "uninstall" অপারেশন চালাতে পারবেন।

বিল্ট-ইন Safe Mode kernel-এর ভেতরেই বাস্তবায়িত, তাই ইন্টারসেপ্ট হয়ে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ event হারানোর কোনো আশঙ্কা নেই। তবে non-GKI kernel-এর ক্ষেত্রে হাতে কোড ইন্টিগ্রেট করার প্রয়োজন হতে পারে। এ জন্য অফিসিয়াল ডকুমেন্টেশনের নির্দেশনা দেখুন।

::: warning
KernelSU kernel মডিউল initialization-এর সময় (LKM মোডে kernel যখন init প্রসেস চালায় তখন এটি লোড হয়) volume key listener রেজিস্টার করে, এবং `on_post_fs_data` ধাপে (boot animation-এর আগে) সেটি আনরেজিস্টার করে দেয়। তাই আপনাকে সময়টা ঠিকমতো ধরতে হবে এবং প্রথম boot স্ক্রিনের পর দ্রুত তিনবার Volume down বাটন চাপতে হবে। ডিভাইস খুব দ্রুত boot হলে বা সময়মতো চাপতে না পারলে Safe Mode চালু না-ও হতে পারে।

মডিউলটি যদি initrc-তে এমন অসংগত কোড লিখে থাকে যার কারণে ডিভাইস boot হতে পারছে না, তাহলে Safe Mode-এও সেই কোড চলবে।
:::

#### ম্যানুয়াল উদ্ধার {#manual-rescue}

Safe Mode দিয়ে সমস্যার সমাধান না হলে ম্যানুয়াল উদ্ধারের চেষ্টা করতে পারেন। ডিভাইসের অবস্থা অনুযায়ী নিচের পদ্ধতিগুলো থেকে বেছে নিন।

**পদ্ধতি 1: ADB-এর মাধ্যমে ksud দিয়ে মডিউল ম্যানেজ করা**

ডিভাইসে যদি ADB দিয়ে root shell পাওয়া যায়, তাহলে সমস্যাযুক্ত মডিউলটি নিষ্ক্রিয় বা আনইনস্টল করতে সরাসরি `ksud` কমান্ড লাইন ব্যবহার করতে পারেন:

::: tip
`metadata` ও `data` পার্টিশন মাউন্ট করার পর Recovery মোডে `/data/adb/ksud` কমান্ড চালিয়ে মডিউল ম্যানেজ করতে পারবেন।

GKI ডিভাইসগুলো যেহেতু একই `init` শেয়ার করে, তাই Recovery মোডেও KernelSU kernel মডিউল লোড হবে, এবং `ksud`-এর বেশিরভাগ ফিচার (যেমন feature সেট করা) আপনি স্বাভাবিকভাবেই ব্যবহার করতে পারবেন।
:::

```
adb shell
su
ksud module list          # List all modules
ksud module disable <id>  # Disable problematic module
ksud module uninstall <id> # Or uninstall directly
reboot
```

**পদ্ধতি 2: Recovery দিয়ে ম্যানুয়ালি পরিষ্কার করা**

সিস্টেমে যদি ঢুকতেই না পারেন (এমনকি ADB-ও কানেক্ট না হয়), তাহলে ডিভাইসে একটি থার্ড-পার্টি Recovery (যেমন TWRP) থাকতে হবে।

KernelSU-এর মডিউল লোডিং নির্ভর করে kernel-এর দিকের init.rc injection ফাইল এবং user space-এর ksud প্রসেসের ওপর। এই ফাইলগুলো মুছে রিবুট করলে KernelSU আর কোনো মডিউল লোড করবে না।

**ধাপসমূহ:**

1. Recovery-তে (যেমন TWRP) ঢুকুন।
2. data পার্টিশন মাউন্ট করুন:
   ```
   mount /data
   ```
   (আগে data পার্টিশন decrypt করে নিতে হতে পারে। ঠিক কী করতে হবে তা ডিভাইস ও decryption পদ্ধতির ওপর নির্ভর করে।)
3. মডিউল লোড হওয়া ঠেকাতে ksud মুছে ফেলুন:
   ```
   rm -f /data/adb/ksud
   ```
4. (ঐচ্ছিক) metadata পার্টিশন মাউন্ট করে মডিউলের তৈরি করা init.rc injection ফাইলটি মুছে ফেলুন:
   ```
   mount /metadata
   rm -f /metadata/ksu/modules.rc
   rm -f /metadata/watchdog/ksu/modules.rc
   ```
5. ডিভাইস রিবুট করুন:
   ```
   reboot
   ```

রিবুটের পর KernelSU সব মডিউলের লোডিং বাদ দেবে। সিস্টেমে ঢোকার পর KernelSU ম্যানেজার আবার খুলে মডিউলের সমস্যাগুলো সামলে নিতে পারবেন।

### ডেটা ফরম্যাট করা বা অন্যান্য ক্ষতিকর মডিউল {#format-data-or-other-malicious-modules}

ওপরের পদ্ধতিগুলো দিয়ে ডিভাইস উদ্ধার করা না গেলে খুব সম্ভব আপনার ইনস্টল করা মডিউলটি ক্ষতিকর কিছু করেছে, অথবা অন্য কোনোভাবে আপনার ডিভাইসের ক্ষতি করেছে। এ ক্ষেত্রে পরামর্শ মাত্র দুটি:

1. ডেটা wipe করে অফিসিয়াল সিস্টেম পুরোপুরি নতুন করে ফ্ল্যাশ করুন।
2. বিক্রয়োত্তর সেবাকেন্দ্রের (after-sales service) সাথে যোগাযোগ করুন।
